
ড. ইউনূসের সফর- নিউ ইয়র্কে বিএনপি-আওয়ামী লীগ উত্তেজনা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেলে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।তার আগমনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে উভয় পক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

ড. ইউনূসের এই সফরকে ঘিরে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অপরদিকে, বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীরাও বিমানবন্দরে সমবেত হওয়ার ঘোষণা দেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি।
একই এলাকায় প্রধান উপদেষ্টা ও তাঁর প্রতিনিধি দলের আগমনকে ঘিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উভয়পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
