পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণপিটুনির শিকার হয়েছেন

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণপিটুনির শিকার হয়েছেন

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় জনতা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ২টার দিকে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযুক্ত শিক্ষার্থী ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই সহপাঠীদের প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কোরআন অবমাননার ভিডিও আপলোড করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তার গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন।

দিবাগত রাত ১টার দিকে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বাসার সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাকে আটক করতে গেলে উপস্থিত জনতা তাকে মারধর শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে উত্তেজিত জনতা আমাদের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি শান্ত করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

CATEGORIES
TAGS
Share This