আজই চূড়ান্ত সিদ্ধান্ত, শাপলা প্রতীকেই অনড় জাতীয় নাগরিক পার্টি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত, শাপলা প্রতীকেই অনড় জাতীয় নাগরিক পার্টি

নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে এসে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টানাপোড়েন তীব্র আকার নিয়েছে। কমিশনের পক্ষ থেকে তালিকাভুক্ত প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে বলা হলেও, এনসিপি বলছে তারা “শাপলা” প্রতীক ছাড়া অন্য কিছু মানবে না। দলটি এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা প্রতীকেই তাদের রাজনৈতিক পরিচয় ও আদর্শের প্রতিফলন ঘটে। পূর্বে নাগরিক ঐক্য একই প্রতীক চাইলেও তারা পরে অন্য প্রতীক মেনে নেয়। তবে এনসিপি বলছে, তারা নাগরিক ঐক্যের মতো শাপলা থেকে সরে আসবে না।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “নাগরিক ঐক্য শাপলা প্রতীকের জন্য তেমনভাবে লড়েনি। কিন্তু আমরা শাপলাকে কেন্দ্র করেই শেষ পর্যন্ত লড়ব। এটি আমাদের দলের প্রতীক হওয়ার উপযুক্ততা রাখে, এবং নির্বাচন কমিশনের এখন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার সময় এসেছে।”

ইসি অবশ্য বলছে, নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত তালিকার বাইরে প্রতীক বরাদ্দের সুযোগ নেই। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই। তাই তা বরাদ্দ করা সম্ভব নয়। নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত প্রতীক না বাছলে কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ করবে।”

এনসিপি জানিয়েছে, প্রয়োজনে তারা আইনগত পদক্ষেপেও যাবে। ইতোমধ্যে তারা শাপলা প্রতীকের একাধিক নকশা জমা দিয়েছে। দলটির মতে, নির্বাচন কমিশনের অবস্থান ‘স্বেচ্ছাচারী’ এবং এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা শেষের পথে হলেও, শাপলা প্রতীক ঘিরে এনসিপির অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

CATEGORIES
TAGS
Share This