
সিইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নয়তলা বিশিষ্ট ওই ভবনে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেড এলাকার আল হামিদ টেক্সটাইল নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর একটি ইউনিটও যুক্ত হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর বার্তা২৪.কমকে জানান, দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আগ্রাবাদসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১২টি ইউনিট যোগ দেয়।
তিনি আরও বলেন, “মোট ১৪টি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
