
তেলাপোকা তাড়াতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন, তরুণীর কারণে প্রতিবেশীর মৃত্যু
দক্ষিণ কোরিয়ার ওসান শহরে তেলাপোকা মারার উদ্ভট পদ্ধতি ব্যবহার করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এক তরুণী, যার ফলে প্রাণ হারিয়েছেন এক প্রতিবেশী নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ওই তরুণী ঘরে তেলাপোকা মারতে লাইটার ও স্প্রে ব্যবহার করে অস্থায়ী ফ্লেমথ্রোয়ার বানিয়েছিলেন, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাপার্টমেন্টে।
ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। আগুন প্রথমে তরুণীর ঘরের আসবাবে ধরে যায়, এরপর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অন্তত আটজন বাসিন্দা, আর চীনা এক নারী মারা যান। তিনি তাঁর স্বামী ও দুই মাস বয়সী সন্তানসহ ভবনের পঞ্চম তলায় থাকতেন। আগুন লাগার সময় জানালা দিয়ে সন্তানকে পাশের ভবনের এক বাসিন্দার হাতে তুলে দিতে সক্ষম হন তাঁরা। পরে পালাতে গিয়ে ওই নারী নিচে পড়ে যান এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

দমকলের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনে ৩২টি ফ্ল্যাট ও নিচতলায় একাধিক দোকান ছিল। আগুন লাগার কারণ হিসেবে তরুণীর অস্থির ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহারকে দায়ী করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অসাবধানতাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘ফ্লেমথ্রোয়ার’ দিয়ে তেলাপোকা মারার ভিডিও জনপ্রিয় হয়ে ওঠায় অনেকে বিপজ্জনকভাবে তা অনুকরণ করছেন। এর আগেও এ ধরনের পদ্ধতিতে দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
