মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে সোমবার (১৭ নভেম্বর) রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অজ্ঞাতপরিচয় একদল হামলাকারী বাড়িটিতে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

স্থানীয় সূত্র জানায়, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলে উপজেলা বিএনপি রাতে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হওয়ার সময় ২০–২৫ জনের একটি দল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের জানালা, আসবাবপত্র, চেয়ার ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িটিতে আবদুল হামিদের কোনো স্বজন উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির আনন্দ মিছিলের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বাড়িটির দরজা-জানালা, আসবাবপত্রসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে। তবে কেউ আহত হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

CATEGORIES
TAGS
Share This