‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে ভারতে মুসলিমদের হয়রানির অভিযোগ: কী ঘটছে, কেন ঘটছে?

‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে ভারতে মুসলিমদের হয়রানির অভিযোগ: কী ঘটছে, কেন ঘটছে?

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর শহরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঈদে মিলাদুন্নবীর (প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন) শোভাযাত্রায় ‘I Love Muhammad লেখা ব্যানার ও টি-শার্ট ব্যবহারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলিমদের এই ধর্মীয় ভালোবাসার প্রকাশকে ঘিরে পুলিশ মামলা দায়ের করেছে, গ্রেফতার করেছে বহু মানুষকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে ‘দমনমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগ উঠেছে।

ব্যানারগুলোতে ইংরেজিতে লেখা ছিল – আই লাভ মোহাম্মদ (সা.) যা মুসলমানদের কাছে প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশের একটি ধর্মীয় বাক্য। এটি মুসলিম বিশ্বে সাধারণত ঈদে মিলাদুন্নবী, ঈদ বা মিছিলের সময় ব্যবহার করা হয়।

কিন্তু বিজেপিশাসিত রাজ্যগুলোতে এই বাক্যটিকে “আইনশৃঙ্খলার জন্য হুমকি” হিসেবে ব্যাখ্যা করে পুলিশ কিছু জায়গায় এফআইআর দায়ের করেছে। প্রশাসনের দাবি—এই ধরনের স্লোগান ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং “জনশান্তি বিঘ্নিত হতে পারে।”

এফআইআর, গ্রেফতার, সংঘর্ষ

  • কানপুর (উ.প্র.): ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় পোস্টার ব্যবহার করায় কয়েক হাজার জনের বিরুদ্ধে এফআইআর, ১০ জনের বেশি গ্রেফতার।
  • কাশীপুর (উত্তরাখণ্ড): “আই লাভ মুহাম্মদ” ব্যানার নিয়ে শোভাযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৮ জন গ্রেফতার।
  • উন্নাও (উ.প্র.): একই ধরনের মিছিল শেষে ৫ জনকে গ্রেফতার।
  • আহমেদাবাদ (গুজরাট): ব্যানার নিষিদ্ধ করার দাবিতে পুলিশ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা, ব্যাপক বিক্ষোভ।

কী বলছে মানবাধিকার সংস্থাগুলো?

অলাভজনক সংগঠন Association for Protection of Civil Rights (APCR) জানিয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে বিজেপিশাসিত রাজ্যগুলোতে অন্তত ২২টি মামলা রেকর্ড করা হয়েছে, যেখানে আড়াই হাজারের বেশি মুসলিমকে আসামি করা হয়েছে, এবং ৪০ জনের বেশি গ্রেফতার হয়েছেন।

সংস্থাটির মতে, এই অভিযান শুধুমাত্র ধর্মীয় অনুভূতির প্রকাশকে অপরাধ হিসেবে চিহ্নিত করছে—যা ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার লঙ্ঘন করছে।

আইন বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারা (Section 295A IPC) অনুসারে, ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অপরাধ। তবে ‘I Love Muhammad’ বাক্যটিকে এমন কোনো বিদ্বেষপূর্ণ অভিপ্রায়ে বলা হয়েছে, তার প্রমাণ এখনও সামনে আসেনি।

সুপ্রিম কোর্ট অতীতে রায় দিয়েছে, ধর্মীয় অভিব্যক্তি যদি শান্তিপূর্ণভাবে হয় এবং তা উদ্দেশ্যপ্রণোদিত না হয়, তাহলে তা অপরাধ নয়। এ কারণে অনেকেই এই পুলিশি পদক্ষেপকে “অতিরিক্ত প্রতিক্রিয়া” বলে আখ্যা দিচ্ছেন।

এই ঘটনার পর ভারতজুড়ে মুসলিম সমাজে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণরা যারা সামাজিক মাধ্যমে ধর্মীয় ভালোবাসার পোস্ট করছেন, তারাও আতঙ্কে আছেন—এই পোস্টের জন্য যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়।

গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা—এইসব জায়গাতেও মুসলিমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। কোথাও কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও, কিছু জায়গায় পুলিশ তা ছত্রভঙ্গ করে দিয়েছে।

আই লাভ মোহাম্মদ (সা.) বলা একটি মৌলিক ধর্মীয় অধিকার, এমনটা দাবি মুসলিম সমাজের। তবে প্রশাসনের পদক্ষেপে প্রশ্ন উঠেছে—ভারতে ধর্মীয় স্বাধীনতা কতটা নিরাপদ? ব্যানার, পোস্টার বা স্লোগানকে যদি “উসকানিমূলক” হিসেবে ব্যবহার করা হয়, তবে সেটা নিয়ন্ত্রণের পন্থা কী হওয়া উচিত—এ নিয়ে বিতর্ক এখন আরও গভীর।

CATEGORIES
TAGS
Share This